ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে বিরল এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ও শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ভারতীয় বোলারদের বিপর্যস্ত করে ক্যারিবীয়রা সংগ্রহ করেছে ৪০৫ রানের পাহাড়সম স্কোর। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান ছিল তাদের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি ইংল্যান্ডের দখলে, যারা ৪৯৮ রান করে শীর্ষে রয়েছে। এছাড়া ওয়ানডেতে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ডটিও ব্রিটিশদের। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যারা সর্বোচ্চ ৪৪৩ রান করেছিল।
গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামেও এটি একটি অনন্য রেকর্ড। এর আগে এই মাঠে কোনো দল এত রান করতে পারেনি। এই মাঠেই ২০২৩ সালের ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ভারত রেকর্ড ৩৭৩ রান করেছিল। তারও আগে ২০১৮ সালে এই মাঠে সর্বোচ্চ ৩১৮ রান ছিল ক্যারিবীয়দের দখলে।