এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টির কারণে টস পর্যন্ত হতে পারেনি। শেষ আটে প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে, সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেমিফাইনাল আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে জাপানের নাগোয়ার আবহাওয়া আজ কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। সকালে আকাশে রোদ ওঠায় বাংলাদেশ ক্রিকেট দল করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনের সুযোগ পেয়েছে। যদিও করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ পুরোপুরি শুকায়নি, তবুও জাপানে আসার পর প্রথমবার রোদের দেখা পাওয়ায় ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি আশাবাদী। তিনি বলেন, জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম এবং মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এমন থাকলে আগামীকাল ভালো খেলার আশা করছি।
বৃষ্টির কারণে জাপানে সেভাবে অনুশীলনের সুযোগ না পেলেও মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করেছেন ক্রিকেটাররা। রাব্বি জানান, তারা নেট অনুশীলন এবং ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন। এদিকে সেমিফাইনালে বৃষ্টির প্রভাব নিয়ে বিশেষ নিয়ম রয়েছে। যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ করা সম্ভব না হয়, তবে শীর্ষ বাছাইয়ে থাকা দল ফাইনালে উঠবে। এই নিয়মে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এগিয়ে আছে। এমনকি ফাইনাল ম্যাচটিও যদি বৃষ্টির কারণে পণ্ড হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলই স্বর্ণপদক জয় করবে। বলা যায়, ক্রিকেটের বাকি সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ভারতই হবে চ্যাম্পিয়ন।
অন্যদিকে, সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।