দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝ আকাশে কো-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পরও ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাছড় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার এই সাহসিকতায় বিমানটির ১৭৪ জন যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ভারতীয় পাইলটকে একজন সত্যিকারের হিরো হিসেবে অভিহিত করে তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।
নেতানিয়াহু নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, গুরুতর জখম ও রক্তাক্ত হওয়া সত্ত্বেও মাছড় সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন। তিনি ককপিটের দরজা খুলে দেন, যাতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করতে পারেন। এর মাধ্যমে মাঝ আকাশে এক বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ছিল। বুধবার সকালে দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এফজেড১০৭৩ ফ্লাইটটি জরুরি সতর্কতা জারি করে এবং পরবর্তীতে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি অবতরণের পর হামলাকারী কো-পাইলটকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্তের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
রিয়াদে অবস্থিত ভারতের দূতাবাস জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের সাহসী সেই পাইলট স্মিত মাছড় বর্তমানে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিচ্ছেন। উদ্ধারকারী ফ্লাইটের মাধ্যমে সব যাত্রীকে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানো হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর এই পদক্ষেপকে ‘সস্তা রাজনীতি’ বলে সমালোচনা করেছেন।