দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি কার্যক্রম শুরু হবে।
গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা এবং সঞ্চালনা করেন সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেন।
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিম এবং বাংলাদেশের দুই ব্যবসায়ী গ্রুপের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা একে অপরের সঙ্গে বিনিময় করা হবে। তালিকাভুক্ত সদস্য ছাড়া অন্য কারো সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও নেতারা ঐকমত্য পোষণ করেছেন।
ব্যবসায়ীরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমদানি পুনরায় চালুর পাশাপাশি সীমান্ত বাণিজ্য সচল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে। সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী ও রুহুল কুদ্দুছসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ ও আবুল হাসেমসহ আরও অনেকে সভায় অংশগ্রহণ করেন।