সংসদ সদস্য পদ হারানোর পর এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে সদ্য সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পরপরই দল থেকে মিষ্টিকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে একই দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
দলীয় নির্দেশনার পর বৃহস্পতিবারই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগ কার্যকর হওয়ার পর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। পদত্যাগপত্রে মিষ্টি উল্লেখ করেন, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে সেখানে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
এই ঘটনার আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেছিলেন, রাড্ডা সেন্টারের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্তে যা প্রমাণিত হবে, সেটিই তিনি মেনে নেবেন। দলের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, বিএনপি যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।
এদিকে, রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করাসহ দল ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।