ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে অনুভূত হওয়া ৪.৯ মাত্রার এই কম্পনে কেঁপে উঠেছে রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকাও। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে এই তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আতঙ্ক প্রকাশ করে পোস্ট করতে শুরু করেন। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটি দুলতে দেখেন। তবে এই আতঙ্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ মিম ও রসিকতার ঝড় ওঠে। নেটিজেনরা বিভিন্ন চলচ্চিত্র ও সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে থাকলে দিল্লির বাসিন্দারা এভাবেই প্রতিক্রিয়া দেখায়।
এদিকে, উত্তরাখণ্ডের এই ঘটনার আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এনসিএস-এর তথ্য অনুযায়ী, আসামের নগাঁও জেলায় ভোরবেলা ৪.৫ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে।