গঙ্গার পানি বণ্টনসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আবরার ফাহাদের চেতনাকে ধারণ করতে হলে ভারত-বাংলাদেশের সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন করে গড়ে তুলতে হবে। পানির হিস্যার ক্ষেত্রে আমরা এক চুল পরিমাণও ছাড় দেব না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নতুন করে সই করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, আগামী ডিসেম্বরেই বর্তমান গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাই নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব কেমন হবে, তা এখনই স্পষ্ট করা জরুরি।
ভারতের সঙ্গে বাংলাদেশের বহু অভিন্ন নদী থাকার পরও এ দেশ কখনোই পানির ন্যায্য অধিকার পায়নি উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, এখন থেকে সবকিছু সমতার ভিত্তিতে হতে হবে। আবরার ফাহাদকে বাংলাদেশের স্বার্থের পক্ষের শক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দেশের নদীর পানি পাওয়ার পক্ষে ফেসবুকে সামান্য একটি স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে সারারাত নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার মূলত ভারতের আগ্রাসনের একটি বর্ধিত অংশ (এক্সটেনশন) হিসেবে বাংলাদেশে ক্ষমতায় টিকে ছিল। আবরার ফাহাদ কেবল নদীর পানি নিয়ে সমালোচনা করে গত ৫০ বছরে বাংলাদেশ কী পেয়েছে, সেই যৌক্তিক প্রশ্নটি তুলেছিলেন।