নেটফ্লিক্সের বহুল আলোচিত সিরিজ ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর দ্বিতীয় সিজন মুক্তির প্রতীক্ষার মধ্যেই তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের চমকে দিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ। সিরিজটির দ্বিতীয় সিজন আগামী ২৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই নির্মাতারা নিশ্চিত করেছেন যে, গল্পটি আরও এগিয়ে যাবে এবং তৃতীয় সিজনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
মে কোবের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটানি স্নো ও মালিন আকারম্যান। সিরিজের প্রথম সিজনে সোফি ও’নিলের ইস্ট টেক্সাসে যাওয়ার পরবর্তী ঘটনাবলী, প্রভাবশালী মার্গোর সঙ্গে তার ঘনিষ্ঠতা, আসক্তি, প্রলোভন এবং হত্যাকাণ্ডের রহস্যময় আবহ ফুটে উঠেছিল।
তবে দ্বিতীয় সিজনে সিরিজটি উপন্যাসের গণ্ডি থেকে বেরিয়ে এসে নতুন গল্পে প্রবেশ করবে। এখানে সোফি ও মার্গোর সম্পর্কের মধ্যে তৈরি হবে নতুন টানাপড়েন। পুরনো গোপন তথ্যের সঙ্গে যুক্ত হবে নতুন নতুন হুমকি, যার ফলে তাদের এই বিপজ্জনক খেলায় কে শিকার আর কে শিকারি—তা ক্রমশ অস্পষ্ট হয়ে উঠবে।
সিরিজটির নির্মাতা ও শোরানার রেবেকা কাটার জানিয়েছেন, তৃতীয় সিজনে গল্প আরও বেশি কেলেঙ্কারিপূর্ণ ও জটিল হয়ে উঠবে। অর্থাৎ, দ্বিতীয় সিজনের রহস্যের পুরোপুরি সমাধান হওয়ার আগেই দর্শকদের জন্য আরও বড় এক অধ্যায়ের দরজা খুলে যাচ্ছে।