চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার একটি কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গত দুই দিনে অন্তত ১৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আবদুল মতিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তাকে টেক্সটাইল মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে বৃহস্পতিবার রাতে প্রথম কয়েকজনের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। আক্রান্ত একজনকে ওই রাতেই মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া আরেক ব্যক্তিও অসুস্থ হয়ে পড়েন। এছাড়া আক্রান্তদের মধ্যে ১০ জন সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাতুল হালদার জানান, ডায়রিয়ায় আক্রান্ত সাতজন তাদের হাসপাতালে ভর্তি আছেন এবং তারা সবাই একই এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে এটি পানিবাহিত রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবদুল মতিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
বাবুলের কলোনির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন অভিযোগ করেন, কলোনির বাসিন্দাদের পানি সরবরাহের ট্যাংকটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ট্যাংকের ভেতরে মৃত ইঁদুর পাওয়ার অভিযোগ তুলে তিনি জানান, দূষিত পানি ব্যবহারের কারণেই এই প্রাদুর্ভাব ঘটেছে। তার দাবি অনুযায়ী, প্রকৃত আক্রান্তের সংখ্যা ৩০ জনের বেশি হতে পারে।
এদিকে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানিয়েছেন, ওই এলাকায় ওয়াসার কোনো সংযোগ নেই। চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। এলাকাটি সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন কর্মকর্তাদের পাঠানো হবে।