ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদ শহরে উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার ২৩ বছর বয়সী মোহাম্মদ ফাইজানকে নির্ধারিত শব্দসীমা লঙ্ঘনের দায়ে আটক করা হয়। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নাজিবাবাদের সরকারি ইন্টার কলেজের (জিআইসি) সন্নিকটে অবস্থিত নাজিবুদ্দৌলা মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহারের অভিযোগে ফাইজানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মসজিদের মাইকটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়, যেখানে আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সিটি) কৃষ্ণ গোপাল সিং জানান, মসজিদ কর্তৃপক্ষের লাউডস্পিকার ব্যবহারের যথাযথ অনুমতি ছিল না। তবুও তারা মাইক ব্যবহার করছিল। তিনি আরও উল্লেখ করেন, অনুমতি ছাড়া মাইকের আওয়াজ মসজিদ বা সংশ্লিষ্ট প্রাঙ্গণের বাইরে ছড়িয়ে পড়া আইনত নিষিদ্ধ। সরকার ও আদালত লাউডস্পিকার ও শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
পুলিশের ভাষ্যমতে, শনিবার দুপুরে উপপরিদর্শক সৌরভ সিং ও কনস্টেবল রোহিত ওই এলাকায় টহল দিচ্ছিলেন। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা সরকারি ইন্টার কলেজের কাছে পৌঁছালে মসজিদ থেকে উচ্চ শব্দে লাউডস্পিকারের আওয়াজ শুনতে পান। পরে সেখানে গিয়ে ফাইজানকে আজান দিতে দেখেন তারা। পুলিশের দাবি, লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমা অতিক্রম করায় শব্দদূষণ হচ্ছিল এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।