বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধরনের ভ্রমণ জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে দলের নির্ধারিত যাত্রা বিলম্বিত হওয়ায় তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।
ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় নিশ্চিত করার পর লিওনেল মেসি ও তার সতীর্থরা আটলান্টাতে অবস্থান করছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের নিউইয়র্কে গিয়ে ফাইনালের শেষ প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। আর্জেন্টিনা দল ও তাদের সফরসঙ্গী প্রতিনিধিদল দীর্ঘ সময় আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ছিলেন এবং স্বাভাবিক বিমান চলাচল শুরু হওয়ার অপেক্ষায় থাকতে হয় তাদের।
অবশেষে শুক্রবার ভোরে নিউইয়র্কে পৌঁছাতে সক্ষম হয় আর্জেন্টিনা। সাধারণত আটলান্টা থেকে নিউইয়র্কের বিমানযাত্রায় প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। এই দীর্ঘ বিলম্বের কারণে ফাইনালের আগে দলের প্রস্তুতির সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড, কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক গোলে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচটি নিশ্চিত হওয়ার পরপরই ফাইনালের টিকিটের চাহিদা ১৬৫ শতাংশ বেড়ে গেছে। অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা স্পেন ইতোমধ্যে নিউ জার্সিতে পৌঁছে তাদের অনুশীলন শুরু করেছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করা বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে।