পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর কোনো কার্যক্রম ছিল না। সেই সময়ে মানুষের নিরাপত্তা ছিল না এবং সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছে। তবে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ পুলিশ এখন জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা চলছে। এ জন্য তিনি পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতার প্রশংসা করেন।