মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতের আগরতলা থেকে কলকাতা অভিমুখী একটি এয়ার অ্যাম্বুলেন্স। অবতরণের পর উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত ভারতীয় ওই নারীর নাম অঞ্জনা ভৌমিক। ঘটনার সময় উড়োজাহাজে তার সঙ্গে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। এছাড়া উড়োজাহাজটির দুই পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন।
তালিকাগত তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড পরিচালিত এই এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।
আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করার পর মাঝ আকাশে হঠাৎ উড়োজাহাজটির দরজা খুলে যায়। এ পরিস্থিতিতে পাইলট দ্রুত ঢাকায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। কী কারণে দরজাটি খুলে গিয়েছিল, জরুরি অবতরণের সময় ঠিক কতটা ছিল কিংবা ওই নারীর মৃত্যুর সঙ্গে এই যান্ত্রিক ত্রুটির সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।