ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের একটি যৌথ দল। রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তেঁতুলিয়া নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
অভিযানকালে ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দ করার পর নিয়ম অনুযায়ী জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশের প্রজনন মৌসুমের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময় নদীতে কোনো ধরনের মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।