ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর কাছে সহায়তা চাওয়ার মধ্য দিয়ে সামরিক জোটটিকে যাচাই করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানসাস অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে তিনি দাবি করেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্রের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। ন্যাটোতে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই জোটটি কীভাবে সাড়া দেয় তা দেখার জন্যই তিনি সহায়তা চেয়েছিলেন। তবে ন্যাটোকে পরীক্ষা করার বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
সমাবেশে ট্রাম্প ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেন। তিনি আবারও দাবি করেন যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং তারা এখন ‘সমুদ্রের তলদেশে’ রয়েছে। একই সঙ্গে ইরানের যুদ্ধবিমান নিয়েও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের ২২৯টি যুদ্ধবিমান এখন দেশটির বিভিন্ন রানওয়েতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
ইরানের নেতৃত্বের অবস্থা নিয়েও ট্রাম্প অনিশ্চয়তা প্রকাশ করেন। তিনি বলেন, তিনি বুঝতে পারছেন না আসলে কার সঙ্গে আলোচনা করবেন। তার দাবি অনুযায়ী, ইরানের নেতৃত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নেতারা এখন আর নেই এবং তৃতীয় পর্যায়ের নেতাদের অর্ধেকও অবশিষ্ট নেই। তবে ট্রাম্প তার এসব দাবির পক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ সমাবেশে তুলে ধরেননি।