মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিকের দ্বিতীয় পর্বে তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের বিতর্কিত অভিযোগগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন অভিনেতা জাফর জ্যাকসন। তার ভাষ্যমতে, আসন্ন নতুন এই সিনেমায় প্রয়াত এই গায়কের নিজস্ব বক্তব্য ও দৃষ্টিভঙ্গিকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
চলতি বছর মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিকটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য পায় এবং এমনকি ওপেনহাইমার-কে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা বায়োপিকের রেকর্ড গড়ে। তবে প্রথম সিনেমাটিতে গায়কের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন নির্মাতারা। অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত ওই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন।
ভ্যারাইটি ও জি কিউ মিডল ইস্ট-এর সঙ্গে আলাপকালে জাফর জানান, দ্বিতীয় সিনেমায় জ্যাকসনের দৃষ্টিভঙ্গি আরও বিস্তারিতভাবে উপস্থাপন করা হতে পারে। তিনি বলেন, 'দিন শেষে অভিযোগগুলো সব সময় অন্য কারও দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসে। এটি অন্য কারও গল্প, অন্য কারও উপলব্ধি।' পরিবারের পক্ষ থেকে তিনি আরও উল্লেখ করেন যে, মাইকেলের নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ না পাওয়াটা একটি বড় সমস্যা। বিশেষ করে জীবনের শেষ দিকের বছরগুলোতে তাঁর কণ্ঠস্বর শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
প্রথম সিনেমার নির্মাণকালীন অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানা যায়, কিছু আইনি শর্তের কারণে মাইকেলের নেভারল্যান্ড র্যাঞ্চে পুলিশের অভিযানের দৃশ্যগুলো বাদ দিতে হয়েছিল। পরবর্তীতে জ্যাকসন পরিবারের অর্থায়নে প্রায় পাঁচ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং করা হয়। পরিচালক ফুকুয়া জানিয়েছেন, দ্বিতীয় পর্বে বিতর্কিত বিষয়গুলোকে অতিরঞ্জিত করার পরিবর্তে একজন মানুষ হিসেবে জ্যাকসন কেমন ছিলেন, সেটির ওপরই আলোকপাত করা হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রথমবার মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরের বছর আদালতের বাইরে সমঝোতা হলেও ২০০৫ সালে তিনি পুনরায় বিচারের মুখোমুখি হন এবং খালাস পান। ২০০৯ সালে ৫০ বছর বয়সে অতিরিক্ত ওষুধের প্রভাবে তাঁর মৃত্যু হয়। এছাড়া ২০১৯ সালে মুক্তি পাওয়া ড্যান রিডের প্রামাণ্যচিত্র 'লিভিং নেভারল্যান্ড'-এও জ্যাকসনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা হয়। বিশ্বের অন্যতম সর্বাধিক বিক্রীত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতের পাশাপাশি বিতর্কিত অধ্যায়গুলো পর্দায় কীভাবে ফুটে ওঠে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।