স্পেনের রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা সুরক্ষিত রাখা, মূল্যস্ফীতির সঙ্গে পেনশনের সমন্বয় এবং নারী-পুরুষের পেনশন বৈষম্য দূর করার দাবিতে রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ। আনাদোলুর খবর অনুযায়ী, শনিবারের এই বিক্ষোভে আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন, যদিও সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীর সংখ্যা ২৫ হাজার বলে জানানো হয়েছে।
এল পাইস পত্রিকার প্রতিবেদন বলছে, বিক্ষোভকারীরা মাদ্রিদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পেনশন ব্যবস্থা রক্ষার দাবিতে সোচ্চার ছিলেন। তাদের প্ল্যাকার্ড ও স্লোগানে উঠে আসে, ‘পেনশন বিক্রির জন্য নয়, পেনশন রক্ষা করতে হবে’, ‘বিধবা ও বিপত্নীকদের কণ্ঠরোধ করা যাবে না’ এবং ‘তারাই এখানে আছেন, যারা আপনাদের পেনশনের জন্য লড়ছেন’।
বিক্ষোভকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আগাম নির্বাচনের ফলাফলের ওপর দেশটির রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতিমধ্যে অভিযোগ করেছেন যে, ডানপন্থি পিপলস পার্টি (পিপি) ক্ষমতায় গেলে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর বর্তমান ব্যবস্থাটি দুর্বল হয়ে পড়তে পারে।
বর্তমানে স্পেনে পেনশন বাবদ মাসিক ব্যয় রেকর্ড ১ হাজার ৬২০ কোটি ডলারে পৌঁছেছে। জনসংখ্যার বার্ধক্য, জন্মহার হ্রাস এবং মজুরি বৃদ্ধির স্থবিরতাসহ নানা কারণে দেশটির পেনশন ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশ যেমন ইতালি, ফ্রান্স ও বেলজিয়ামেও সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নাগরিক সেবার মান নিয়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনে সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মান নিয়ে মানুষের উদ্বেগ উঠে এসেছে।