ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি দাবি করেছে যে, তারা সৌদি আরবের ভূখণ্ডের গভীরে তিনটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনে সৌদি আরবের হামলা এবং রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার প্রতিশোধ হিসেবেই এই অভিযানগুলো চালানো হয়েছে।
বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানটি রোববার সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় এবং এতে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় খামিস মুশাইত এলাকায় অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে। হুতি বাহিনীর দাবি, সেখানে থাকা উড়োজাহাজের হ্যাঙ্গার, গোলাবারুদের গুদাম, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে নিখুঁত ও সরাসরি হামলা চালানো হয়েছে।
তৃতীয় অভিযানটি সৌদি আরবের জিজান এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণাঞ্চলীয় নৌঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হুতিদের দাবি, এই হামলায় সৌদি বাহিনীর কয়েকজন সেনা ও কর্মকর্তা নিহত এবং আহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
হুতি বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, দেশ ও জনগণকে রক্ষায় তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং নারী ও শিশু হত্যার জন্য দায়ীদের ছাড় দেয়া হবে না। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অনিরাপদ ঘোষণা করে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থা, তাদের কর্মী এবং যাত্রীদের ওই বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি। একই সঙ্গে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে, তবে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমাকে এই সতর্কতার বাইরে রাখা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনে হামলা বন্ধ এবং দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সৌদি সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।