ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশ। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর পঞ্চম ম্যাচে এসে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে এটিই বাংলাদেশের ফুটবল দলের প্রথম জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। বায়জিদ ডান প্রান্ত দিয়ে বল এগিয়ে নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর পঞ্চম মিনিটে অধিনায়ক ফাহিম ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাইরে থেকে নেওয়া তার ফ্রি-কিক ফিজির গোলকিপার ফেরালেও ফিরতি শটে বল জালে জড়ান তিনি। ফলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
দুই গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফিজি। ১৯ ও ২১ মিনিটে বাংলাদেশের দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলে ব্যবধান বাড়েনি। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে বাংলাদেশ একটি আত্মঘাতী গোল করে বসলে ব্যবধান কমে ২-১ হয়। গোলকিপার বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে ফেলেন। তবে ৩৬ মিনিটে বায়জিদ বক্সের বাইরে থেকে জোরালো শট নিলে ফিজির গোলকিপারের হাত ফসকে বল জালে জড়ায়। ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে আসরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে যাত্রা শুরু করার পর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে দলটি। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর চতুর্থ ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশেষে পঞ্চম ম্যাচে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল দলটি।