পাবনার ঈশ্বরদীতে অননুমোদিত যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট সংরক্ষণ এবং ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতারের পর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার দুটি আলাদা স্থানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকারের পরিচালনায় এই অভিযান বাস্তবায়িত হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন পিয়ারাখলী গ্রামের আব্দুর রহমানের ছেলে ওষুধ ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম (৪২) এবং মানিকনগর গ্রামের আবেদ আলী বিশ্বাসের ছেলে রায়হান উদ্দিন জনি (৪০)।
অভিযান সূত্রে জানা যায়, বিকেলবেলা পৌর এলাকার নতুনহাট বাজারের ইমামুল ড্রাগ হাউজ নামক ওষুধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দোকানটিতে তল্লাশি চালিয়ে ১০ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ৫০০টি জিনসেং নামের যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে দোকান মালিক মো. শহীদুল ইসলামকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিনে উপজেলার মানিকনগর গ্রামের পাঠশালার মোড় এলাকায় রায়হান উদ্দিন জনির নিজ বসতবাড়িতে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। সেখান থেকে হাতেনাতে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করে আভিযানিক দল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার দুই অভিযুক্তকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এই অভিযানে ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।