চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে নিজেদের পরাজয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শুক্রবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হয়ে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকেই মালয়েশিয়া ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। ম্যাচের ১৪তম মিনিটে আবু কামাল আজরাই ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে এর তিন মিনিট পরই আখিমুল্লাহ আনোয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার ব্যবধান ৩-১ এ উন্নীত করেন। তৃতীয় কোয়ার্টারেও মালয়েশিয়ার দাপট অব্যাহত ছিল। ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন পেনাল্টি কর্নার থেকে স্কোর ৪-১ করেন এবং ৩৩তম মিনিটে শেলো সিলভেরিয়াস একটি চমৎকার ফিল্ড গোল করে ব্যবধান ৫-১ এ রূপান্তর করেন। ম্যাচের ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়।
এর আগে এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করার পর, দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল দলটি। গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে। এরপর ৪ নভেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দলটি।