ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চলমান প্রচেষ্টা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এই প্রতিক্রিয়া জানান। চলতি সপ্তাহের শুরুতে একটি উচ্চপর্যায়ের আঞ্চলিক প্রতিনিধিদলের তেহরান সফরের পরপরই এই মন্তব্য এল।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত আট মাস ধরে চলা এই সংঘাত অবসানের লক্ষ্যে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি অক্টোবর মাসে দুবার ইরান সফর করেছেন। সর্বশেষ গত সোমবার তিনি সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তেহরান যান।
সেনাপ্রধানের এই সফরগুলো কোনো ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত কি না, এমন প্রশ্নের জবাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, যদি কোনো ইতিবাচক অগ্রগতি না থাকত, তবে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যেতেন? তিনি নিশ্চিতভাবেই এর ইতিবাচক দিক রয়েছে বলে উল্লেখ করেন।
তবে আহমেদ শরিফ চৌধুরী সতর্কতার সাথে বলেন, তারা সবসময় 'সতর্ক আশাবাদী' শব্দটি ব্যবহার করতে পছন্দ করেন। তিনি জানান, এখনো শক্তিশালী কিছু পক্ষ এবং বিরোধী গোষ্ঠী মনে করে যে এই সংঘাত তাদের স্বার্থ পূরণে সহায়ক। তবে তিনি নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ করেননি।