দেশের ৩০তম ও ৩১তম বিসিএস ক্যাডারের মোট ৩৫৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা এবং তাঁদের বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়ে জরুরি নির্দেশ জারি করেছে পুলিশ সদরদফতর। আগামী ৩ নভেম্বরের মধ্যে এসব প্রয়োজনীয় তথ্য পাঠাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি দেওয়া হয়েছে।
গত রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে এই নির্দেশনা সংক্রান্ত চিঠিটি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সহকারী মহাপরিদর্শক (এআইজি-ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ। চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং বিভিন্ন মহানগর পুলিশের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
তালিকায় স্থান পাওয়া ৩৫৭ কর্মকর্তার মধ্যে ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন সদস্য রয়েছেন। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, থাকলে সেসব মামলার সর্বশেষ অবস্থা ও হালনাগাদ বিবরণ জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হার্ডকপি ও সফটকপি—উভয় মাধ্যমেই এসব তথ্য সদরদফতরে জমা দেওয়ার নির্দেশ রয়েছে।
তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে ইতিমধ্যেই ফৌজদারি মামলা রয়েছে—এমন কোনো তথ্য বা সিদ্ধান্ত চিঠিতে উল্লেখ করা হয়নি। পুলিশ সদরদফতর মূলত এসব কর্মকর্তার বিরুদ্ধে আদৌ কোনো মামলা রয়েছে কিনা এবং থাকলে সেগুলোর হালনাগাদ পরিস্থিতি কী, তা যাচাই ও সংগ্রহের উদ্দেশ্যেই মাঠপর্যায়ের ইউনিটগুলোকে এই নির্দেশ দিয়েছে।