তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব ছিল। এই ইস্যুতে সহিংস আন্দোলনের কোনো যৌক্তিক কারণ নেই বলে তিনি উল্লেখ করেন। সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, এই আন্দোলনের সুযোগ নিয়ে মুখোশধারী ব্যক্তিরা ঢুকে পড়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা সত্যিকারের কোনো শ্রমিক সংগঠন জড়িত নয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্ত্রী বলেন, যারা এই সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তিনি আরও বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি চাই। বাংলাদেশের শিল্প খাতের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্বীকার করে তিনি গার্মেন্ট শিল্পের আরও উন্নতি এবং রপ্তানি খাতকে সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এসব সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক ভাই জড়িত নন। তাদের প্রতিনিধিদের নাম দেওয়া হয়েছে এবং মজুরি বোর্ড গঠিত হয়েছে। সেই বোর্ডের মাধ্যমেই ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।