বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন ৩ জনের সম্পৃক্ততা পাওয়ার তথ্য জানিয়েছে নৌপুলিশ। রিমান্ডে থাকা আসামিদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের তদন্তের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা দীপ, দিশা ও নিহত তাহসিফের পূর্বপরিচিত এবং ঘনিষ্ঠ বলে জানা গেছে।
তদন্তকারী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে মামলাটিতে জেরিকা তাসনিম দিশার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে মুখোমুখি এবং পৃথকভাবে নিবিড় জেরা করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাসাবাদে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তাদের দেওয়া বক্তব্যের সূত্র ধরে এক দম্পতি ও আরেক নারীসহ মোট তিনজনের নাম উঠে এলেও তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।
ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নিখোঁজ হওয়ার রাতে তাহসিফের সঙ্গে উত্তরার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে' ছিলেন তার বন্ধু দীপ ও বান্ধবী দিশা। গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দিশা বারটিতে প্রবেশ করেন। কিছু সময় পর পৃথক মোটরসাইকেলে সেখানে গিয়ে পৌঁছান দীপ। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর রাত ১১টা ৫১ মিনিটে তারা সেখান থেকে বের হন। এরপর বারের বাইরে এসে দিশাকে সাথে নিয়ে সিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং একটি মোটরসাইকেল গ্যারেজে যান তাহসিফ। রাত সাড়ে ১২টার দিকে দিশাকে তার বাসায় পৌঁছে দেন তিনি। তবে পরবর্তীতে টঙ্গীর তুরাগ নদ তীরে তাদের যাতায়াতের তথ্য মিললেও সেখানে ঠিক কীভাবে তাহসিফের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার উত্তরার রাজউক কমপ্লেক্সের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বুধবার বিকালে টঙ্গীর তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে নৌপুলিশ।
ঘটনার বিষয়ে তাহসিফের বাবা এনায়েতুল করিম অভিযোগ করে বলেন, দিশা প্রথম থেকেই তাদের কাছে সন্দেহজনক ছিল এবং সে প্রায়ই তাদের বাসায় যাতায়াত করত। এমনকি মৃত্যুর আগে তাহসিফ নিজেও তার বোনের কাছে দিশার আচরণ নিয়ে সংশয় ও বিরক্তি প্রকাশ করেছিলেন। তবে দিশা তাহসিফের কোনো প্রেমিকা বা সাধারণ বান্ধবী ছিল না বলেও দাবি করেন তার বাবা।
অন্যদিকে দিশার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ মে তাহসিফের সঙ্গে দিশার প্রথম পরিচয় হয় এবং পরবর্তীতে তাহসিফের প্রেমের প্রস্তাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে কালসি ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুর্ঘটনার সময়েও দিশা তাহসিফের সঙ্গেই ছিলেন। দুর্ঘটনার পর তাহসিফ তাকে নিজের বাসায় নিয়ে যান এবং পরদিন পরিবার তাকে সেখান থেকে নিয়ে আসে। পরিচয়ের পর থেকে তাহসিফ নিজেই একাধিকবার দিশাকে তাদের উত্তরার বাসায় ডেকে নিয়েছিলেন বলে দাবি দিশার স্বজনদের।
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৪: ০৯আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৪: ১০