কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, নৌপথটিতে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় জাহাজগুলো মাইনের কবলে পড়ে।
একই দিনে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন বিপৎসংকেত বা মেডে পাঠিয়ে জানিয়েছেন যে, আরেকটি জাহাজ অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শুক্রবার কাতারের মালিকানাধীন ‘আল-মায়েদা’ নামক একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণকারী ট্যাংকারে হামলার খবর প্রকাশ করে কাতার নিউজ এজেন্সি। কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানির তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যের বিষয় হলো, এই হামলায় জাহাজটির কোনো নাবিক আহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কোম্পানিটি আরও জানিয়েছে, জাহাজটি বর্তমানে নিরাপদ অবস্থায় রয়েছে এবং স্বাভাবিক চলাচলের উপযোগী।