দীর্ঘদিন বিরতির পর আবারও জনপ্রিয় ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ভক্তদের প্রিয় এই সিরিজের ক্যাটনিস এভারডিন চরিত্রে তাকে পুনরায় দেখা যাবে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তার এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আসন্ন সিনেমাটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং এটি একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার ঘটনা চিত্রায়িত হয়েছে। তরুণ হেইমিচের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নো চরিত্রে থাকছেন র্যালফ ফাইনস। সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নতুন এই সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় জেনিফার লরেন্স জানান, পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবারও দেখা হওয়াটা ছিল ভীষণ আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তটি ছিল বেশ মজার ও স্মরণীয়। লরেন্স জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই উডি তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন, যা পুরোনো দিনের সেই দুষ্টুমির স্মৃতি ফিরিয়ে এনেছে। আলাপচারিতায় অভিনেত্রী ‘হাঙ্গার গেমস’ সিরিজের শুটিংয়ের বিভিন্ন পুরোনো স্মৃতিও তুলে ধরেন।