আল্লাহতায়ালার অনুগ্রহের মধ্যে গোনাহমুক্ত জীবন লাভ করা অন্যতম বড় নেয়ামত। কারণ পাপমুক্ত জীবনের মাধ্যমে পরকালে জান্নাতের পথ সুগম হয়। বান্দা যেন নিজের ভুলত্রুটি ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে, সে উদ্দেশ্যে পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহতায়ালা নিজেই গোনাহ মাফের দোয়া শিখিয়ে দিয়েছেন।
গোনাহ মাফ ও আল্লাহর রহমত কামনায় কোরআনে বর্ণিত উল্লেখযোগ্য ৫টি দোয়া নিচে উল্লেখ করা হলো—
১. সুরা কসাসের ১৬ নম্বর আয়াতে আল্লাহতায়ালা ক্ষমা প্রার্থনার দোয়া শিখিয়ে বলেছেন, ‘রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি।’ এর অর্থ হলো— হে আমার রব! নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
২. সুরা মোমিনুনের ১১৮ নম্বর আয়াতে এসেছে, ‘রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন।’ যার অর্থ— হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।
৩. সুরা তাহরিমের ৮ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, ‘রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির।’ অর্থাৎ— হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্ব ক্ষমতাবান।
৪. সুরা বাকারার ১২৭-১২৮ নম্বর আয়াতে দোয়া শেখানো হয়েছে, ‘রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রহিম।’ বাংলা অর্থ— হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়।
৫. সুরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার।’ এর অর্থ হলো— হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।