কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুলাই বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়। হোসেনপুর পৌর জামায়াতের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা জামায়াতের আমির ও বর্তমান মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, অধ্যাপক জৈন উদ্দিন এবং এডিএম মুহিবুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে শহীদদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন। সভা শেষে আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অধ্যাপক নূরুল হককে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।