নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার (১৯ জুলাই) বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন। এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনারা আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমরা নানা ক্ষেত্রেই আর্জেন্টিনার পাশে আছি এবং তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।’
এদিকে, রোববারের এই ফাইনাল ম্যাচটিকে অনেকেই প্রতীকী গুরুত্বের একটি লড়াই হিসেবে দেখছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য ও ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।