জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে অধিকতর আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এর অংশ হিসেবে ক্যাম্পাসে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করা হয়েছে। রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে চালু হওয়া এই সেবার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মোবাইল অ্যাপের সহায়তায় বাসের রিয়েল-টাইম অবস্থান সম্পর্কে জানতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে। এই ট্র্যাকিং সিস্টেম ব্যবহারের ফলে ব্যবহারকারীরা বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, যা সময় সাশ্রয়ের পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং যাতায়াতকে আরও পরিকল্পিত করে তুলবে।
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু জানান, পরিবহন খাতের আধুনিকায়নে জাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার আইট্র্যাকার সেবা চালু করা হলো।