অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের অদূরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। দেইর জারির গ্রামে বসতি স্থাপনকারীদের একটি আক্রমণ প্রতিহত করার চেষ্টাকালে ওই দুই ফিলিস্তিনি নিহত হন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এক বিবৃতিতে জানান, এই হত্যাকাণ্ড পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারের সুপরিকল্পিত সন্ত্রাসবাদ এবং হত্যা নীতিরই একটি ধারাবাহিক অংশ।
বিবৃতিতে শাদিদ দেইর জারির গ্রামের বাসিন্দাদের সাহসিকতা ও প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই প্রতিরোধকে ফিলিস্তিনিদের ভূমি ও মর্যাদা রক্ষার অবিচল ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো মূল্যের বিনিময়েই হোক না কেন, ফিলিস্তিনিরা তাদের শহর ও গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এ ধরনের দায়মুক্ত অত্যাচার ও আগ্রাসন মেনে নেবে না।