আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মালিকানায় থাকা ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মনিটরিং শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লাইসেন্স হারানো এজেন্সিগুলোর মধ্যে লোটাস কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ সাবেক এমপি বেনজীর আহমেদ, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী, ব্যবসায়ী নূর আলী, রুহুল আমিন স্বপন ও মাহবুবুর রহমান সঞ্জুর মালিকানাধীন এজেন্সিগুলো উল্লেখযোগ্য।
সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় এসব এজেন্সির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল এবং তা গৃহীত হয়েছে। এই প্রেক্ষাপটে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারার ক্ষমতাবলে তাদের লাইসেন্স বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোকে অবশ্যই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিধি-বিধান মেনে চলতে হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার।