বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় দেশের চারটি প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, ল্যাবরেটরি পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানমাত্রার চেয়ে কম উপাদান পাওয়ার প্রমাণ মিলেছে। এই নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিএসটিআই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত মাত্রায় ‘টোটাল মিল্ক সলিড নন ফ্যাট’ পাওয়া গেছে। এছাড়া অলিভ বাংলাদেশ প্রতিষ্ঠানের লাবণ্য ব্র্যান্ডের চারটি পণ্য—মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি ডেকো ফুডস প্রতিষ্ঠানের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মানমাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে।
বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যান পত্র পাঠানো হয়েছে। লাইসেন্স নবায়ন বা নতুন করে অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সব পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্যগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার বাস্তবায়ন নিবিড়ভাবে তদারকি করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার এবং এ বিষয়ে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, পণ্য ক্রয়ের সময় বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে নেওয়া উচিত। পণ্যের মান বা ভেজাল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা দ্রুত বিএসটিআইকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অলিভ বাংলাদেশ প্রতিষ্ঠানের লাবণ্য ব্র্যান্ডের ৪টি পণ্যে মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে।