আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে নিউইয়র্কের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বমঞ্চের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে সেখানে অনুপস্থিত ছিলেন ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ফিফার সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই তিনি এই মেগা ফাইনাল ম্যাচটি বয়কট করেছেন।
উয়েফা ও ফিফার মধ্যকার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এই দূরত্বের অন্যতম বড় কারণ বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত। এই বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা প্রধান ইনফান্তিনো নিজে উদ্যোগী হয়ে বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্ত নেন। স্বাগতিক দেশের রাজনৈতিক চাপের কাছে ফিফার এমন নতি স্বীকারকে উয়েফা ভালোভাবে নেয়নি। ফিফা ডিসিপ্লিনারি কমিটির এই পদক্ষেপকে ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে একে ‘সীমা লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ফিফার নীরবতা উয়েফাকে ক্ষুব্ধ করেছে। এর প্রতিবাদ হিসেবে উয়েফা আর্তানকে আগামী মাসের ইউরোপীয় সুপার কাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে টুর্নামেন্ট চলাকালে ইরানের প্রতি আয়োজক যুক্তরাষ্ট্রের ‘অন্যায়’ আচরণ এবং ফিফার কিছু নিয়মেরও ঘোর বিরোধিতা করেছে উয়েফা। এসব নিয়মের মধ্যে রয়েছে অতিরিক্ত হাইড্রেশন ব্রেক, ভিএআর প্রটোকলে ভুল খেলোয়াড় শনাক্তকরণ (যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো লাল কার্ড পান) এবং মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলার কারণে লাল কার্ড দেওয়ার বিধান।
এর আগে টুর্নামেন্ট শুরুর আগেই ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা এবং টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন সেফেরিন। যদিও গত ১১ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনি মাঠে উপস্থিত ছিলেন, তবে শেষ পর্যন্ত ফিফার সিদ্ধান্তের প্রতিবাদে ফাইনালের জমকালো মঞ্চ এড়িয়ে গেলেন উয়েফা প্রধান।