পাহাড়ি ঢল এবং লাগাতার ভারী বর্ষণের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল ৫২ দশমিক ১৪ সেন্টিমিটারে রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি এভাবে বাড়তে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করেছে।
ডিমলা টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানিয়েছেন, পানি বাড়ার সাথে সাথে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি আরও বাড়ার সম্ভাবনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে।