জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার মাধ্যমে আঘাত হানার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (২২ জুলাই) দেশটির মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের সেনাবাহিনী।
বিবৃতি অনুযায়ী, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ভোরে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় মার্কিন সেনাবাহিনীর আবাসন ভবন, কল্যাণ কেন্দ্র এবং সরঞ্জাম সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সময়ে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতেও চালানো হয় পৃথক আরেকটি ড্রোন হামলা। তেহরানের দাবি অনুযায়ী, ওই ঘাঁটির মূল সরঞ্জাম গুদাম, উড়োজাহাজের হ্যাঙ্গার এবং ভারী সামরিক বিমানের মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলো ছিল এই অভিযানের লক্ষ্য।
তবে ইরানের এই হামলার দাবির বিষয়ে জর্ডান, বাহরাইন কিংবা মার্কিন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।