৯০ মিনিটের ম্যাচে মোট ২৬টি ফাউলের ঘটনা ঘটেছে, যার মধ্যে আর্জেন্টিনা ১৫টি এবং ইংল্যান্ড ১১টি ফাউল করেছে। এই ফাউলগুলোকে কেন্দ্র করেই খেলার মাঠে লিওনেল মেসি ও জুড বেলিংহামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
পুরো বিষয়টি নিয়ে বেলিংহাম জানান, এটি মূলত একটি ফাউলকে কেন্দ্র করে হওয়া সাধারণ আলোচনা ছিল। তিনি বলেন, আমরা কেবল একটি ফাউল নিয়ে কথা বলছিলাম এবং এতে খারাপ কিছু ছিল না। সবাই হয়তো বিষয়টিকে বড় করে দেখার চেষ্টা করবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
মেসির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল তা ব্যাখ্যা করে বেলিংহাম জানান, আমার মনে হয়েছিল এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি আমাকে বলল, আমার ওপর হওয়া ফাউলের কী হবে? আমি উত্তরে তাকে বললাম, তুমি তো যথেষ্ট শক্তিশালী, এটা সামলে নিতে পারো। এর বেশি কিছু নয়।
ম্যাচ চলাকালীন এই সংক্ষিপ্ত বিতর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হলেও বেলিংহাম স্পষ্ট করেছেন যে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত তিক্ততা নেই। বরং ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা প্রকাশ করেন এই ইংলিশ তরুণ তারকা। তিনি বলেন, হেরে যাওয়ার কষ্টটা অবশ্যই অনেক বেশি, তবে মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। ভিডিওতে তাদের রাগান্বিত দেখালেও বেলিংহাম বিষয়টিকে অতিরঞ্জিত না করার আহ্বান জানিয়েছেন।