২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কড়িকান্দি ব্রিজের ওপর এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার আত্মত্যাগ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে। তারা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
উক্ত র্যালি ও সমাবেশে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সরকার, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইন, সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।