বিশ্বকাপের ফাইনালে ওঠার পরপরই নিজেদের অফিশিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে হুঙ্কার ছেড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা তাদের বার্তায় স্পষ্ট জানিয়েছে, ‘আমরা এখনই থামছি না।’ আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ‘লা আলবিসেলেস্তে’রা। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলটি আসে লিওনেল মেসির নিখুঁত ক্রসে। ম্যাচে নিজে গোল না পেলেও দুটি গোলেই অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জয়ের নেপথ্য কারিগর ছিলেন অধিনায়ক মেসি।
ম্যাচ জয়ের পর ফুটবলারদের অনুশীলনের ছবি শেয়ার করে এএফএ লিখেছে, ‘আবার কাজে ফেরা! আমরা থামব না। লড়াই চলছে বন্ধুরা। আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’ এই জয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইংলিশ স্বপ্ন ভেঙে গেছে। হ্যারি কেইনরা এখন ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন।
অন্যদিকে, ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন চলতি টুর্নামেন্টে সাত ম্যাচের মধ্যে ছয়বারই ক্লিন শিট রেখেছে। নিজেদের মুকুট ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা এবং স্পেন—উভয়ের জন্যই রোববারের এই ফাইনালটি হতে যাচ্ছে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এক দ্বৈরথ।