বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনরত অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর পদে বহাল থাকবেন। উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচ ৮৭এ-তে জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই শীর্ষস্থান অর্জনের গৌরব অর্জন করেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন। পাশাপাশি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। অসামান্য শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তি মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।