ঈদুল আজহার সময় দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। প্রেক্ষাগৃহের সফল প্রদর্শনী শেষে এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৩ জুলাই রাত ১২টা থেকে চরকি অ্যাপ ও Chorki.net-এ সিনেমাটি দেখা যাবে।
ওটিটিতে মুক্তির বিষয়ে পরিচালক আজমান রুশো বলেন, সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার চরকির মাধ্যমে দেশ-বিদেশের আরও বেশি দর্শকের কাছে এটি পৌঁছাবে, নির্মাতা হিসেবে এটাই আমার চাওয়া। সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, যারা নানা কারণে হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি, তারা এখন ঘরে বসে সুবিধামতো সময়ে এটি উপভোগ করতে পারবেন এবং পছন্দের দৃশ্যগুলো বারবার দেখার সুযোগ পাবেন।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, প্রেক্ষাগৃহ ও ওটিটির এই সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ধারাবাহিকতায় রকস্টার চরকিতে আসছে। সিনেমাটিতে শাকিব খানের সংগীতশিল্পীর চরিত্র, গানের পরিবেশনা এবং ‘আগুন’ ও ‘আসলাম’-এর বন্ধুত্বের গল্প দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। টিজার প্রকাশের পর থেকেই শাকিব খানের বৈচিত্র্যময় লুক নেটিজেনদের মধ্যে বেশ উন্মাদনা তৈরি করেছিল। দীর্ঘদিনের অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে একজন সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে শাকিব খানের অভিনয় ছিল দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা। এই চরিত্রের জন্য অভিনেতা নিজের ওজনও কমিয়েছিলেন।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে ‘মীরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির। নুসরাত মাটির চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার গল্প পরিচালক আজমান রুশোর বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সংগীতশিল্পী জীবনের স্মৃতি থেকে অনুপ্রাণিত। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব এবং সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। ওটিটি মুক্তি সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সিনেমাটির ‘উড়ে যাব আকাশ পেলে’ শিরোনামের একটি গান চরকির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেনসেশন প্রেজেন্টস ‘রকস্টার’ নিবেদন করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।