ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাতেও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে মার্কিন বাহিনী ভয়াবহ বোমাবর্ষণ করেছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরে নতুন করে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বন্দর-এ খামির শহরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, সেতুতে চালানো এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই হামলায় সাধারণ ও কৌশলগত অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রধান বন্দর নগরী বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকাকে লক্ষ্য করেও বোমাবর্ষণ করা হয়েছে। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, আবাসিক এলাকায় এই হামলায় ১ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। একই সঙ্গে বন্দর আব্বাসের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় আরও ২ জন আহত হয়েছেন।
মার্কিন বাহিনী হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কেও হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরে মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে বিমানবন্দরের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।