উত্তর আমেরিকায় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুনত্বের ছোঁয়া হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি। মার্কিন ক্রীড়াঙ্গনে এনএফএল-এর সুপার বোলজয়ীদের আংটি দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, সেই সংস্কৃতিই এবার প্রথমবারের মতো ফিফার কোনো প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে।
আগামী ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এবার বিজয়ী দলের জন্য থাকবে এই বিশেষ সম্মাননা।
এই উপলক্ষে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে ৩০টি আংটি। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।
আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে ফুটে উঠবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটি হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। এছাড়া প্রতিটি আংটির সঙ্গে একটি সত্যায়নপত্রও প্রদান করা হবে।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রথমে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।