জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। শনিবার সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
পথসভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা সভায় অংশ নেন।