জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে যারা পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়, তাদের রাজনীতি টিকবে না।
তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক ও আইনজীবীসহ সব অংশীজনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেয়া হবে। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে অতীতে যে গণভোট আয়োজন করা হয়েছিল, তা সংবিধান স্বীকৃত ছিল না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। অথচ যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি তুলছেন, তারাই আবার সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেননি। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কারের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং কাঠামোগত পরিবর্তনের জন্য সাংবিধানিক সংশোধন অপরিহার্য।
সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান সরকার রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা প্রায় ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশই বর্তমান সরকার আইনে পরিণত করেছে। যেসব অধ্যাদেশে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে, সেগুলো অংশীজনদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংশোধন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।