ভারতে প্রবল বর্ষণের জেরে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মিয়ানমার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আটজন এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
নাগাল্যান্ডের মন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনিয়ে কোনিয়াক এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় বন্যা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বন্যায় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু অঞ্চলে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী ও রাজ্য জরুরি সেবা বিভাগ যৌথভাবে রাজৌরি জেলায় উদ্ধার কাজ পরিচালনা করছে, যেখানে পাঁচ শিশুসহ ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আগামী দুই দিনে জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দীর্ঘ গ্রীষ্মের পর বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই ভারতে প্রতিবছর বন্যা ও ভূমিধসের মতো বিপর্যয় ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চল তীব্র খরা ও পানিসংকটের মতো পরিস্থিতির মুখোমুখিও হয়ে থাকে।