রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১১৩ জন শিশুর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে আরও ৯৩৮ জন শিশু চিকিৎসা নিয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন। অর্থাৎ, এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১ লাখ ১৩৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।