জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, যা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।
রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে। যদি এ বিষয়ে কোনো মতপার্থক্য থাকে, তবে তা আলোচনার টেবিলে বসে সমাধান করা উচিত। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের সামনে নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা আমাদের কাজে লাগাতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। আন্দোলনের পরিবর্তে এখন সংসদে আলোচনার মাধ্যমে এমন এক রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংসতার পথে পা বাড়াতে না হয়।
তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা পরিহার করে গঠনমূলক আলোচনায় এগিয়ে আসা উচিত। এছাড়া গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান তোষামোদির সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে বড় ধরনের পরিবর্তন আবশ্যক। তিনি আরও বলেন, গত ১৬ বছরের নানা অনিয়ম ও অপকর্মের প্রভাব এত অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়।