২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে কাজ করেছে। তদন্ত শেষে তারা এরই মধ্যে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনটি এখন চূড়ান্ত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে, যাতে স্বচ্ছ বিচার নিশ্চিত করা সম্ভব হয় এবং প্রকৃত দোষীরা বিচারের মুখোমুখি হন।
মামলায় অভিযুক্তদের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান এবং বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং পর্যালোচনার পর আসামিদের নামের তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই হাতে পাওয়ার আশা প্রকাশ করেছেন।
নিহতদের সংখ্যার বিষয়ে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, তারা এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পেলেও এখন পর্যন্ত ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।